দিনহাটা, ৬মে: এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও)-র সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন নবনির্বাচিত বিধায়ক অজয় রায়। বুধবার সকালে তিনি এসডিপিও প্রশান্ত দেবনাথের দপ্তরে গিয়ে এই বৈঠকে অংশ নেন। বৈঠকে বর্তমান পরিস্থিতি, সাম্প্রতিক উত্তেজনা এবং গুজব রটনার মতো বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিধায়ক বিশেষভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তাঁদের দিকে, যাঁরা ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। তিনি এসডিপিওর কাছে আবেদন জানান, এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অজয় রায় একটি মন্তব্য করেন, যা রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। তিনি বলেন, “যাঁরা নতুন করে বিজেপি করতে চাইছেন, তাঁদের দরকার নেই। যাঁরা তৃণমূল করছেন, স্বাচ্ছন্দ্যে সেটাই করুন।”
তবে একইসঙ্গে তিনি সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানান। তাঁর কথায়, “সবাই সজাগ থাকুন এবং শান্তিতে বসবাস করুন।” এসডিপিও তাঁকে আশ্বস্ত করেছেন যে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





