কোচবিহার, ২৮ মেঃ মিঠুন চক্রবর্তী বৃহস্পতিবার কোচবিহার সফরে এসে কোচবিহার ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারে এসে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে ক্যান্সার হাসপাতালের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই তাঁর এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।
বৃহস্পতিবার দুপুরে প্রথমে তিনি এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। পরে কোচবিহার ক্যান্সার হাসপাতালে গিয়ে হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখেন। সেখানে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, পরিচালন কমিটির সদস্য, জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং বিজেপি বিধায়কদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে মিঠুন চক্রবর্তী জানান, “এই হাসপাতালকে আরও উন্নত ও আধুনিক করে তোলার কাজ খুব শীঘ্রই শুরু হবে।” তিনি আরও বলেন, সাধারণ মানুষের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।
মিঠুনের এই সফরকে ঘিরে হাসপাতাল চত্বরে উৎসাহ দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও।





