কলকাতা, ২৫ সেপ্টেম্বরঃ ভোটার তালিকা থেকে নাম বাদ। ভাগ্য এখন ট্রাইব্যুনালের দরজায়। ভোটাধিকার ফিরেছে কি না, এখনও নিশ্চিত নন বহু মানুষ। সেই প্রশ্নেই এ বার রাস্তায় বাম মহিলা সংগঠন। শুক্রবার কলকাতার সিইও অফিস অভিযানে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ল মীনাক্ষী মুখোপাধ্যায়দের মিছিল। বিবি গাঙ্গুলি স্ট্রিটে ব্যারিকেডের সামনে বসে পড়লেন বাম নেত্রী ও কর্মীরা। তৈরি হল উত্তপ্ত পরিস্থিতি।
SIR-এ বাদ পড়া ভোটারদের নাম ফেরানোর দাবিই ছিল এ দিনের কর্মসূচির মূল সুর। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতেও সরব হয়েছেন বামেরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় এবং রাজ্য কমিটির সদস্য কনীনিকা ঘোষ বোসের নেতৃত্বে ধর্মতলা থেকে সিইও অফিসের উদ্দেশে মিছিল শুরু করেন বাম মহিলা কর্মী-সমর্থকেরা।
পরিকল্পনা ছিল, মিছিল নিয়ে সিইও অফিসে পৌঁছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়া। বিশেষ করে আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের আগে SIR-এ বাদ যাওয়া ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে কমিশনের উপর চাপ বাড়াতেই এই কর্মসূচি বলে বাম নেতৃত্বের বক্তব্য।
কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিটে পৌঁছতেই মিছিল আটকে দেয় পুলিশ। রাস্তার উপর ব্যারিকেড তৈরি করা হয়। বাম কর্মীরা এগোতে চাইলে পুলিশের সঙ্গে তাঁদের টানাপড়েন শুরু হয়। শেষ পর্যন্ত ব্যারিকেড পেরোতে না পেরে রাস্তাতেই বসে পড়েন মীনাক্ষীরা। তাঁদের দাবি, সিইও অফিস পর্যন্ত যেতে না দিলে অবস্থান চলবে।
মীনাক্ষীদের বক্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষের বিষয়টি শুধুমাত্র প্রশাসনিক বা প্রযুক্তিগত সমস্যা নয় এর সঙ্গে সরাসরি যুক্ত ভোটাধিকার। বহু ভোটারের নাম এখনও ট্রাইব্যুনালের বিচারের অপেক্ষায় রয়েছে। তাঁরা আদৌ ভোট দিতে পারবেন কি না, সেই অনিশ্চয়তা কাটেনি বলেই বাম নেতৃত্বের অভিযোগ।
এর সঙ্গেই যুক্ত হয়েছে নির্বাচন কমিশনের অন্দরের সাম্প্রতিক মতপার্থক্য। কমিশনের দুই সদস্যের আপত্তি নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের পর জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে বিরোধী দলগুলির প্রশ্ন আরও জোরালো হয়েছে। বামেরাও তাঁর অপসারণের দাবিতে অন্য বিরোধীদের সঙ্গে সুর মিলিয়েছে।
তবে এ দিনের কর্মসূচির তাৎক্ষণিক কেন্দ্রবিন্দু ছিল ভোটারদের নাম ফেরানো। উপনির্বাচনের আগে বাদ যাওয়া নাম ফিরবে কি না, সেই প্রশ্নেই এখন কমিশনের দিকে তাকিয়ে বাম নেতৃত্ব। আর সেই দাবি নিয়েই কলকাতার রাস্তায় মুখোমুখি বাম কর্মী ও পুলিশ।





