কলকাতা, ১ আগস্টঃ কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলের দায়িত্ব এ বার ইসকনের। নতুন ব্যবস্থাকে ঘিরে যখন রাঁধুনিদের ভবিষ্যৎ নিয়ে জোর বিতর্ক, তখনই আশ্বাসের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বক্তব্য, ইসকনকে দায়িত্ব দেওয়া হলেও একজন রাঁধুনিও চাকরি হারাবেন না।
শনিবার ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর মেগা কিচেন উদ্বোধনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, অপুষ্টির মোকাবিলায় এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে তিনি দাবি করেন, ইসকন সনাতন ঐতিহ্য মেনে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করবে। ডিম নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি জানান, ইসকনের খাবারে ডিম না থাকলেও রাজ্য সরকার আলাদা ব্যবস্থায় সপ্তাহে দু’দিন করে পড়ুয়াদের ডিম সরবরাহ করবে।
মিড ডে মিলের রাঁধুনিদের উদ্দেশেও আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের কাউকেই কর্মচ্যুত করা হবে না। বরং রান্না করা খাবার স্কুলে পৌঁছে দেওয়ার কাজে তাঁদের যুক্ত করা হবে। পাশাপাশি আগস্ট মাস থেকেই তাঁদের মাসিক পারিশ্রমিক ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে বলেও জানান তিনি।
নতুন ব্যবস্থায় ইসকনের মেগা কিচেনে রান্না হওয়া খাবার বিশেষ সিল করা কনটেনারে ইলেকট্রিক গাড়ির মাধ্যমে স্কুলে পৌঁছে দেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষের উপস্থিতিতে সিল খোলার পরই পড়ুয়াদের মধ্যে খাবার পরিবেশন করা হবে, যাতে গুণমান ও নিরাপত্তা বজায় থাকে।
বিরোধীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, দীর্ঘদিন ধরে যারা শুধু সমালোচনা করছেন, তাঁরা আগে স্কুলে গিয়ে পড়ুয়াদের পরিবেশিত খাবারের মান দেখে আসুন। তাঁর দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য শিশুদের পুষ্টি নিশ্চিত করা, স্কুলমুখী করা এবং আধুনিক ও সুশৃঙ্খল ব্যবস্থার মাধ্যমে মিড ডে মিল পরিষেবাকে আরও কার্যকর করে তোলা।





