শিলিগুড়ি, ১ আগস্টঃ লাল-হলুদ আবেগের সঙ্গে জুড়ে গেল উত্তরবঙ্গের অন্যতম ঐতিহাসিক স্টেডিয়ামের ভবিষ্যতের স্বপ্ন। ইস্টবেঙ্গলের ১০৭তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকীকরণের আশ্বাস দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।
শনিবার শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের উদ্যোগে পতাকা উত্তোলন, কেক কাটা এবং নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলের ১০৭তম প্রতিষ্ঠা দিবস। একই সঙ্গে উদযাপিত হয় শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী। লাল-হলুদ পতাকায় সেজে ওঠে অনুষ্ঠানস্থল। উপস্থিত সমর্থকদের উচ্ছ্বাসে যেন ফিরে আসে শতবর্ষের ঐতিহ্যের স্মৃতি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। স্টেডিয়ামকে কর্পোরেশনের হাত থেকে ক্রীড়া দপ্তরের অধীনে আনার প্রক্রিয়ার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি স্টেডিয়ামে একটি আধুনিক স্পোর্টস মিউজিয়াম গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান, যাতে উত্তরবঙ্গের ক্রীড়া ঐতিহ্য আরও সুসংগঠিতভাবে তুলে ধরা যায়।
মন্ত্রী নতুন প্রজন্মের উদ্দেশে মাঠমুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, শৃঙ্খলা ও চরিত্র গঠনেরও অন্যতম মাধ্যম। তাঁর বক্তব্য, উত্তরবঙ্গে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে।
১৯২০ সালে প্রতিষ্ঠিত ইস্টবেঙ্গল ক্লাবের দীর্ঘ ঐতিহ্যকে স্মরণ করে সমর্থকেরা জানান, এই আবেগ শুধু ফুটবলের নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা এক সাংস্কৃতিক উত্তরাধিকারেরও নাম।





