মাথাভাঙ্গা, ৬ ডিসেম্বরঃ মাথাভাঙ্গা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম শনি মন্দির থেকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরেই সংকীর্ণতার কারণে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই এই রাস্তায় যানজট লেগে থাকে, ফলে রোগী থেকে সাধারণ মানুষ সবাই সমস্যায় পড়েন। বিশেষ করে অ্যাম্বুলেন্স আটকানো এখন নিত্যনৈমিত্তিক দৃশ্য, যা চিকিৎসা পরিষেবায় বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে। বহুদিনের এই সমস্যার সমাধানে অবশেষে শুরু হয়েছে রাস্তা সম্প্রসারণের লক্ষ্যে মাপযোগের কাজ।
তবে এই মাপযোগ ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক।এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে। তাঁদের অভিযোগ এর আগেও বহুবার রাস্তা প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় দোকানের সামনের অংশ ভেঙে সরিয়েও দিতে হয়েছিল। কিন্তু পরবর্তীতে কাজ আর এগোয়নি। ফলে ক্ষতির মুখে পড়েও কোনও সুফল পাননি তাঁরা। তাই ব্যবসায়ীদের দাবি, এবার যেন শুধু মাপযোগ করেই থেমে না যায় প্রকল্প। পরিকল্পনা নিয়ে একবারেই যেন পুরো কাজ সম্পন্ন করা হয়।
স্থানীয় মানুষও ব্যবসায়ীদের দাবির সঙ্গে একমত। তাঁদের বক্তব্য রাস্তা সম্প্রসারণ হোক, নিকাশি নালার উন্নতি হোক এটা এলাকার প্রত্যেকেই চান। কিন্তু কাজ বারবার শুরু হয়ে মাঝপথে থেমে যাওয়ার ঘটনায় জনসাধারণের আস্থা কমে গেছে। তাই সঠিক পরিকল্পনা, সময়সীমা এবং সমন্বয় রেখে একবারেই কাজ শেষ করার দাবি তোলেন তাঁরা।
এদিকে মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান প্রবীর সরকার জানিয়েছেন, বর্তমানে মাপযোগের কাজ চলছে। মাপ শেষ হলে তিনি নিজে ঘটনাস্থলে যাবেন এবং পরিস্থিতি পর্যালোচনা করবেন। যদি কোথাও কোনও দোকান সরানো বা গঠন ভাঙার প্রয়োজন হয়, তবে তা একতরফাভাবে করা হবে না এ নিয়ে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
রাস্তা সম্প্রসারণের এই উদ্যোগ সফল হলে শনি মন্দির থেকে মহকুমা হাসপাতাল পর্যন্ত যাতায়াতে বহুদিনের দুর্ভোগ দূর হতে পারে এমনটাই আশা করছেন শহরবাসী। এখন নজর সবার মাপযোগের পর কত দ্রুত শুরু হয় বাস্তব কাজ।





