শিলিগুড়ি, ১৬ মেঃ বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল মাটিগাড়া থানার পুলিশ। হালেরমাথা এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনা ও রূপোর গয়নার বড় অংশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ তারিখ হালেরমাথা এলাকার বাসিন্দা তপন রায় পরিবারকে নিয়ে একটি বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির বাইরে যান। সেই সুযোগেই বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। পরে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং সোনা-রূপোর একাধিক গয়না চুরি হয়ে গিয়েছে। অভিযোগ, বাড়ির মালিক ফিরে আসতেই দুষ্কৃতীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ঘটনার পর ১৩ তারিখ মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তপন রায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আশপাশের এলাকার তথ্য সংগ্রহ ও নজরদারি শুরু হয়। তদন্ত চলাকালীন বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সন্দেহভাজনদের চিহ্নিত করে পুলিশ।
শুক্রবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে হালেরমাথা সংলগ্ন সাধন মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। প্রথমে দীপঙ্কর সিংহ (২৬) নামে এক যুবককে আটক করা হয়। ধৃত ব্যক্তি রামকৃষ্ণ জ্যোত এলাকার বাসিন্দা। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিধান বর্মন (২২) নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়। তার বাড়ি বালাসন কলোনি এলাকায় বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে চুরি হওয়া গয়নার একটি বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। শনিবার দুই অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখছে মাটিগাড়া থানার পুলিশ।



