কোচবিহার, ১০ ফেব্রুয়ারিঃ পথ দুর্ঘটনার কবলে আহত ক্ষুদে পড়ুয়াকে নিজের গাড়িতে তুলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন সভাধিপতি। কোচবিহার জেলাপরিষদের সভাধিপতি সুমিতা বর্মনের মানবিকতার প্রশংসা করেছেন গ্রামবাসীরা। মোটর সাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রছাত্রীদের পিকাপ ভ্যান এদিন রাস্তার পাশে তামাক ক্ষেতে উলটে যায়। পুটিমারি ফুলেশ্বরী অঞ্চলের ঘটনা। পিকাপভ্যানে থাকা চার ক্ষুদে পড়ুয়া আহত হয়।
তাদের কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে এক শিশুর চোট গুরুতর হওয়ায় সে অসুস্থ হয়ে পড়েছিল। এরপরে জেলা পরিষদ সভাধিপতির নির্দেশে সভাধিপতির ব্যক্তিগত আত্ম সহায়ক, নিরাপত্তারক্ষী এবং চালককে দিয়ে শিশুটিকে এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজ ও পরে শিশু চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে চিকিৎসকের অনুমান শিশুটি হাড়ে চোট পেয়েছে।
ওই বিদ্যালয়ের প্রিন্সিপাল বিকাশ চন্দ্র সরকার বলেন, সভাধিপতি যেভাবে মানবিক ভাবে গ্রামের শিশুকে তার গাড়িতে তুলে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করলেন এতে আমরা গর্ব বোধ করছি। অসুস্থ শিশুর পরিবারের পক্ষ থেকেও ধন্যবাদ জানানো হয়েছে।
জানা গেছে শিশুটির চিকিৎসা করানো হয়েছে। আগের থেকে শিশুটি সুস্থ আছে। পাশাপাশি বেসরকারি স্কুল কতৃপক্ষকে সভাধিপতি সতর্ক করেছেন যাতে ক্ষুদে পড়ুয়াদের পিকাপভ্যান গুলি রাস্তায় সাবধানে চলাচল করে।





