রাজগঞ্জ, ১৯ মার্চঃ রাজনৈতিক অনিশ্চয়তার জল্পনার মাঝেই বড় বার্তা দিলেন তৃণমূল নেতা খগেশ্বর রায়। বুধবার রাত প্রায় দশটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে ফোনালাপের পরই নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। জানিয়ে দেন, তিনি তৃণমূল কংগ্রেসেই থাকছেন এবং দলের নির্দেশ মেনেই কাজ করবেন।
জানা গিয়েছে, সম্প্রতি আবেগের বশে তিনি দলের জেলা চেয়ারম্যান পদ ছাড়ার কথা বলেছিলেন। সেই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়। তবে পরিস্থিতি বদলায় মুখ্যমন্ত্রীর ফোনের পর। খগেশ্বর রায় জানান, “দিদি আমাকে ফোন করে কথা বলেছেন, আমি কৃতজ্ঞ। আবেগতাড়িত হয়ে যা বলেছিলাম, সেটা আর নেই।”
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী তাঁকে রাজগঞ্জে নির্বাচনের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। “দিদি বলেছেন, অভিভাবক হয়ে রাজগঞ্জে নির্বাচন পরিচালনা করতে হবে। আমি সেই দায়িত্ব পালন করব,” এভাবেই নিজের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
খগেশ্বর রায় স্পষ্ট করে দেন, তিনি দল ছাড়ার কথা ভাবছেন না এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবেন। তাঁর কথায়, “দল আমাকে যে দায়িত্ব দেবে, আমি সেটাই নিষ্ঠার সঙ্গে পালন করব।”
রাজনৈতিক মহলের মতে, এই ঘটনায় একদিকে যেমন দলের অভ্যন্তরীণ অস্থিরতা কিছুটা প্রশমিত হল, তেমনই নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করার বার্তাও দিল তৃণমূল নেতৃত্ব।
সব মিলিয়ে, মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। এখন রাজগঞ্জে তাঁর নতুন দায়িত্ব কীভাবে তিনি সামলান, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।





