শিলিগুড়ি, ২৪ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় একাধিক নির্বাচনী সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথমে ময়নাগুড়ি, তারপর ডাবগ্রাম-ফুলবাড়ি এবং শেষে নকশালবাড়িতে জনসভা করবেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। ডাবগ্রাম-ফুলবাড়ির জাবরাভিটা হাই স্কুল মাঠ এবং নকশালবাড়ির নন্দপ্রসাদ হাই স্কুল মাঠকে সভাস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই একাধিকবার পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট এলাকা।
শিলিগুড়ি ও সংলগ্ন অঞ্চলে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শুরু হয়েছে সাজো সাজো রব। দলীয় প্রার্থী, কর্মী ও সমর্থকরা তাঁর সভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন জায়গায় মঞ্চ তৈরি, প্রচার ব্যানার লাগানো এবং জনসমাগম নিশ্চিত করতে তৎপরতা দেখা যাচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গ বরাবরই নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই সফরে মুখ্যমন্ত্রীর বার্তা ও নির্বাচনী কৌশল বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তাঁর বক্তব্যে কী ইঙ্গিত পাওয়া যায় এবং তা ভোটের অঙ্কে কতটা প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।





