কলকাতা, ৫ মেঃ বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পরও এখনও পদত্যাগ করেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু দলই হেরেছে তা নয়, নিজের কেন্দ্র থেকেও পরাজিত হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে তাঁর পদত্যাগ না করা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। এরই মাঝে আজ তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করতে চলেছেন, যার দিকে নজর সবার।
প্রথা অনুযায়ী, নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পর বিদায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রীকে ‘কেয়ারটেকার’ হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করা হয়। কিন্তু এই ক্ষেত্রে এখনও পদত্যাগ না করায় রাজভবনও বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বলে সূত্রের খবর।
রাজনৈতিক মহলের একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ফলাফল মেনে নিতে নারাজ বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি ইতিমধ্যেই অভিযোগ করেছেন, বিজেপির জয় ‘অনৈতিক’ এবং অন্তত ১০০টি আসন ‘চুরি’ হয়েছে। এমনকি ভোটগণনা কেন্দ্রে তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও তুলেছেন তিনি।
এই আবহে প্রশ্ন উঠছে, তিনি কি নির্বাচনের ফলাফলকে আদালতে চ্যালেঞ্জ করবেন? যদিও এই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি তৃণমূল নেতৃত্ব। আজকের সাংবাদিক বৈঠকেই হয়তো তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে ইঙ্গিত মিলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
উল্লেখ্য, এবারের নির্বাচনে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক শক্ত ঘাঁটিতেও বড় ধাক্কা খেয়েছে তৃণমূল। প্রায় ৪৫.৮৪ শতাংশ ভোট পেয়ে বিজেপি এগিয়ে থাকলেও তৃণমূল পেয়েছে প্রায় ৪০.৮০ শতাংশ ভোট এবং মোট ৮০টি আসন। সব মিলিয়ে বাংলার রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের পর এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন মমতার পরবর্তী পদক্ষেপ কী?





