মালদা, ২২ ফেব্রুয়ারিঃ মালদা জেলার বাংলা-বিহার সীমান্তবর্তী একাধিক নাকা চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানার সাতমুনিয়া, ভেলাবাড়ি ও কুশিদা এলাকায় অভিযোগ, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে নজরদারির দায়িত্বে রয়েছেন কেবল সিভিক ভলেন্টিয়াররা। পর্যাপ্ত পুলিশি উপস্থিতি না থাকায় অবাধে চলছে মদ পাচার ও দুষ্কৃতীদের আনাগোনা এমনই দাবি স্থানীয় বাসিন্দাদের।
সীমান্তবর্তী এলাকার মানুষের অভিযোগ, বিহার-এ মদ নিষিদ্ধ থাকায় সেখান থেকে বহু মানুষ মালদায় এসে মদ কিনছেন ও পান করছেন। মদ্যপ অবস্থায় এলাকায় অশান্তি সৃষ্টি, মহিলাদের নিরাপত্তাহীনতা এবং সমাজবিরোধীদের দৌরাত্ম্য বাড়ছে বলেও অভিযোগ। পাশাপাশি, বিহারের কাটীহার এলাকায় শিশু অপহরণের ঘটনার পর সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে ‘ছেলে ধরা’ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসীর দাবি, শুধু সিভিক ভলেন্টিয়ারের উপর ভরসা না করে নিয়মিত পুলিশ মোতায়েন ও কড়া নজরদারি চালানো হোক। অন্যদিকে বিজেপির অভিযোগ, নির্বাচনের আগে তৃণমূল দুষ্কৃতীদের মদত দিচ্ছে এবং টাকার বিনিময়ে সবকিছু চলছে। তাদের দাবি, পর্যাপ্ত পুলিশ না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে।
পাল্টা তৃণমূলের দাবি, মালদা জেলায় পুলিশ সুপারের নেতৃত্বে মাদক কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে এবং একাধিক সাফল্যও মিলেছে। তাদের অভিযোগ, বিজেপি শাসিত বিহার থেকেই দুষ্কৃতীদের পাঠিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।
সব মিলিয়ে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে। ভোটের প্রাক্কালে এই ইস্যু ঘিরে উত্তেজনা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন স্থানীয়রা।





