মাথাভাঙ্গা,৭ মেঃ বিজেপির রাজ্য জয়ের উচ্ছ্বাসে মাছে-ভাতে পিকনিকে মাতল মাথাভাঙ্গা শহর। বুধবার রাতে মাথাভাঙ্গা শহরের শহরের সুভাষ পল্লীতে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই বিশেষ ভোজসভা। নির্বাচনের সময় বাংলার রাজনীতিতে ‘মাছ’ নিয়ে কম চর্চা হয়নি। বারবার তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষকে মাছ-মাংস খেতে দেওয়া হবে না। সেই প্রচারের পাল্টা হিসেবে ভোটের আগেই মাছ নিয়ে প্রচারে নেমেছিল বিজেপি।
রাজ্য জয়ের পর সেই বার্তাকেই আরও জোরালো করতে মাছ-ভাতের আয়োজন করেন বিজেপির নেতা-কর্মীরা। এদিনের এই পিকনিকের মেনুতে ছিল গরম ভাত,ডাল, মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট, চাটনি ও মিষ্টি। এলাকার বহু মানুষ দলমত নির্বিশেষে পাত পেড়ে এই ভোজে অংশ নেন।
মাথাভাঙা শহর মণ্ডলের সাধারণ সম্পাদক শিব শংকর সাহা জানান, রাজ্য সভাপতির নির্দেশ মেনেই এই আয়োজন করা হয়েছে। রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই এই উদ্যোগ বলেও দাবি তার।





