কলকাতা, ১৩ মে: একসময় একই রাজনৈতিক মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন দু’জনে। বর্তমানে একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, অন্যজন বিজেপির নেতা। কিন্তু বুধবার বিধানসভা চত্বরে অর্জুন সিং-এর একটি মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হল রাজ্য রাজনীতিতে। তাঁর দাবি, “যেকোনও মুহূর্তে মদনদা আমাদের সঙ্গে চলে আসবেন।”
বুধবার বিধানসভায় বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মিত্র। শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আবেগঘন মন্তব্য করেন। মদন বলেন, “২০১১ সালে মমতা ব্যানার্জি শপথ নিতে এলে মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল। ৩৪ বছরের শাসন থেকে মুক্তির আনন্দ ছিল। কিন্তু এবার বাংলার মানুষ যেন নির্বাক। কোথাও কোনও উচ্ছ্বাস দেখতে পাচ্ছি না। মানসিকভাবেও ভেঙে পড়েছি, কারণ এই বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নেই।”
ঠিক সেই সময়েই সেখানে উপস্থিত হন বিজেপি বিধায়ক অর্জুন সিং। সাংবাদিকদের অনুরোধে মদন মিত্রের পাশে দাঁড়িয়ে হাসিমুখে তিনি বলেন, “একসঙ্গেই আছি। যেকোনও মুহূর্তে মদনদা আমাদের সঙ্গে চলে আসবেন।” এরপর মদনের দিকে তাকিয়ে মজার ছলে বলেন, “কী দাদা?” তারপর “ও লাভলি” মন্তব্য করে সেখান থেকে চলে যান তিনি।
অর্জুনের এই মন্তব্যে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হলেও মদন মিত্র এ বিষয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি। তিনি শুধু হাসিমুখে অর্জুনের দিকে তাকিয়ে ছিলেন।
যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, এটি নিছকই পুরনো সম্পর্কের রসিকতা হতে পারে। আবার অন্যদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের মন্তব্যের আলাদা তাৎপর্য রয়েছে। ফলে অর্জুন সিংয়ের এই মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।





