খবরিয়া ২৪ ডেস্ক, ২১ ডিসেম্বরঃ ভারতীয় রেল যাত্রীদের জন্য টিকিটের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করল। এই নতুন ভাড়া অনুযায়ী শহরতলি ট্রেনে যাতায়াত এবং মাসিক টিকিটের দামে কোনও পরিবর্তন না হলেও, দূরপাল্লার ট্রেনযাত্রায় যাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ ডিসেম্বর থেকে সারা দেশে এই নতুন ভাড়ার হার কার্যকর হবে।
রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনারেল ক্লাসে প্রথম ২১৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ২১৫ কিলোমিটার অতিক্রম করার পর থেকে জেনারেল ক্লাসে প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এর ফলে দীর্ঘ দূরত্বে যাত্রা করলে যাত্রীদের খরচ বাড়বে।
মেইল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রেও ভাড়ায় পরিবর্তন আনা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত নয়(নন-এসি) কোচে ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা করে বাড়ানো হয়েছে। একই সঙ্গে এসি কোচেও ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি করা হয়েছে। রেলের হিসাব অনুযায়ী, নন-এসি কোচে কেউ যদি ৫০০ কিলোমিটার সফর করেন, তবে তাঁকে আগের তুলনায় প্রায় ১০ টাকা বেশি ভাড়া দিতে হবে।
রেলওয়ের তরফে জানানো হয়েছে, এই ভাড়া বৃদ্ধির ফলে সংস্থার বার্ষিক আয় প্রায় ৬০০ কোটি টাকা পর্যন্ত বাড়বে বলে আশা করা হচ্ছে। রেল কর্তৃপক্ষের দাবি, গত এক দশকে রেলের পরিকাঠামো ও পরিষেবা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। নতুন রুট, আধুনিক কোচ, স্টেশন উন্নয়ন এবং কর্মী সংখ্যা বৃদ্ধির জন্য বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে, যার ফলে ভাড়া সমন্বয় জরুরি হয়ে পড়েছে।
তবে দেশের একটি বড় অংশের মানুষের কাছে রেলই সবচেয়ে ভরসাযোগ্য ও সাশ্রয়ী পরিবহণ মাধ্যম। সেই কারণে এই ভাড়া বৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত যাত্রীদের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরের জুলাই মাসে রেল ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। তখন মেইল ও এক্সপ্রেস ট্রেনে নন-এসি ক্লাসে প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং এসি ক্লাসে প্রতি কিলোমিটারে ২ পয়সা ভাড়া বাড়ানো হয়। তারও আগে ২০২০ সালে কোভিড অতিমারির সময় ট্রেনের ভাড়ায় সংশোধন আনা হয়েছিল। নতুন এই ভাড়া কার্যকর হওয়ার পর যাত্রীদের ওপর তার প্রভাব কতটা পড়ে, সেদিকেই এখন নজর রেলমহলের।





