শিলিগুড়ি, ১১ মার্চঃ বিজেপি ও তৃণমূল কংগ্রেসের জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী ১৪ মার্চ শিলিগুড়িতে বড় জনসমাবেশের ডাক দিল বামপন্থী দলসমূহ। বামফ্রন্ট-এর দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে ওইদিন দুপুর ২টায় শিলিগুড়ির টিকিয়াপাড়া ময়দানে এই সভা অনুষ্ঠিত হবে।
বুধবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করেন সিপিআইএম-এর দার্জিলিং জেলা কমিটির সম্পাদক সমান পাঠক। তিনি জানান, রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নামে এসআইআর প্রক্রিয়া চালু করে বহু প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁর দাবি, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের গোপন আঁতাতের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, যা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।
এছাড়াও কেন্দ্রীয় সরকারের শ্রমিকবিরোধী লেবার কোড, ১০০ দিনের কাজের অধিকার খর্ব করা, চা-শ্রমিকদের জমির অধিকার এবং ন্যূনতম মজুরির দাবিতেও আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সমান পাঠকের অভিযোগ, বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিভাজনের রাজনীতি করে দেশকে দুর্বল করছে।
অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেন তিনি। তৃণমূল সরকারের অপশাসন, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে এই সমাবেশ থেকে সরব হওয়া হবে বলে জানান বাম নেতৃত্ব। পাশাপাশি শিলিগুড়ি পুর কর্পোরেশন ও পঞ্চায়েত স্তরে দুর্নীতির অভিযোগও তুলে ধরার কথা বলা হয়েছে।
এই জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বাম নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিকে সামনে রেখেই এই কর্মসূচি সংগঠিত করা হচ্ছে।





