শিলিগুড়ি, ৮ এপ্রিল: গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম ব্রাউন সুগারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযানে যৌথভাবে অংশ নেয় এসওজি এবং নিউ জলপাইগুড়ি পুলিশ স্টেশন-এর সাদা পোশাকের পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিনেবাটি মোর এলাকার একটি বাসস্টপে পিঠে ব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয়রাই দ্রুত পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। এত পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
ধৃত ব্যক্তির নাম শাহজাহান সরকার। তার বাড়ি কুমারগঞ্জ মোহনা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাদক হাতবদলের উদ্দেশ্যেই সে তিনবাত্তি মোড়ে অপেক্ষা করছিল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
পুলিশ জানিয়েছে, ধৃতকে আজ জলপাইগুড়ি আদালত-এ পেশ করা হবে এবং হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই ঘটনার মাধ্যমে উত্তরবঙ্গে সক্রিয় মাদক চক্রের যোগসূত্র নিয়ে তদন্ত আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





