মালদা, ১৪ মেঃ নতুন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই মালদহে ভারত-বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। জেলাশাসকের দপ্তরে অনুষ্ঠিত জরুরি বৈঠকে বিএসএফ, জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে জেলার বিভিন্ন এলাকায় জমি অধিগ্রহণের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং দ্রুত জমিজট কাটিয়ে কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মালদহে প্রায় ১৭২ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে, যার মধ্যে ৩৩ কিলোমিটার উন্মুক্ত সীমান্ত। হবিবপুর ও বামনগোলা ব্লকে উন্মুক্ত সীমান্ত সবচেয়ে বেশি। এছাড়া ইংরেজবাজার ও কালিয়াচক-তিন নম্বর ব্লকেও উন্মুক্ত সীমান্ত রয়েছে।
আগের তৃণমূল সরকারের সময় বিভিন্ন মাপজোক করা হলেও জমি অধিগ্রহণ বাস্তবায়িত হয়নি, ফলে কাঁটাতারের বেড়া তৈরির কাজ আটকে গিয়েছিল। নতুন সরকারের নির্দেশে দেড় মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করার রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।





