দিনহাটা, ১৪ ফেব্রুয়ারিঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের অর্থ ৫০০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বুড়িরহাটে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। শনিবার দুপুরে দিনহাটা দুই ব্লকের বুড়িরহাট চৌপথি থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পঞ্চানন পিঠ পর্যন্ত গিয়ে শেষ হয়।
এই শোভাযাত্রায় বিপুল সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন। তাঁদের হাতে ছিল মাটির তৈরি লক্ষীর ভান্ডার, যা ছিল এই প্রকল্পের প্রতি তাঁদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক। মহিলাদের এই উচ্ছ্বাসপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়, যিনি মহিলাদের স্বাবলম্বী করতে এই প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধি করেছেন।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ ব্লকের সহ-সভাপতি আব্দুল সাত্তার, বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিমা খাতুন বিবি এবং এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে বুড়িরহাটের পঞ্চানন পিঠে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সমাজ সংস্কারক ও মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে তাঁর জন্মজয়ন্তী পালন করা হয়।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী উদয়ন গুহ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রসঙ্গে বলেন, “মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধি করেছেন। এতে মহিলারা অত্যন্ত খুশি। তাঁদের এই আনন্দ এবং মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতেই আজ এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।”
পাশাপাশি, মন্ত্রী মনীষী পঞ্চানন বর্মার অবদান নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, “রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। তাঁর সমাজ সংস্কারের বিভিন্ন দিক আমাদের জন্য সর্বদা অনুপ্রেরণা।”
আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ বিশেষ মন্তব্য করেন। তিনি বলেন, “সামনে বিধানসভা নির্বাচন। কোচবিহার জেলায় রাজবংশী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের কথা চিন্তা না করে এখানে কোনো কিছু ভাবাই অসম্ভব।”





