কলকাতা, ৩ মেঃ ভোটের আবহে কলকাতার কালীঘাট থানায় আবারও বড়সড় প্রশাসনিক রদবদল। দায়িত্বে আনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ওসি পদ থেকে সরিয়ে দেওয়া হল চামেলী মুখোপাধ্যায়কে। তাঁর জায়গায় নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে বলাই বাগকে। এই নির্দেশ জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।
শনিবারই কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সরিয়ে ওই পদে আনা হয়েছিল চামেলী মুখোপাধ্যায়কে। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার একদিনের মধ্যেই তা বাতিল করে নতুন করে ওসি পদে নিয়োগ করা হল বলাই বাগকে। তিনি আগে ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি হিসেবে কর্মরত ছিলেন। এবার তাঁকে কলকাতা দক্ষিণ বিভাগের গুরুত্বপূর্ণ কালীঘাট থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
এই হঠাৎ রদবদলের কারণ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, চামেলী মুখোপাধ্যায়ের নিয়োগ নিয়ে বিজেপির তরফে আপত্তি জানানো হয়েছিল। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও ব্যাখ্যা এখনও দেওয়া হয়নি।
উল্লেখ্য, ভোট ঘোষণার পর থেকেই রাজ্যের পুলিশ প্রশাসনে একাধিক রদবদল করেছে নির্বাচন কমিশন। নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। এর আগে ভবানীপুর থানার ওসি পদেও পরিবর্তন আনা হয়েছিল। পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে উৎপল ঘোষকে ওই পদে আনা হলেও একমাসের মধ্যেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। পরে দায়িত্ব পান গৌতম দাস।
সম্প্রতি গৌতম দাসকে ঘিরেও বিতর্ক তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে তাঁকে বন্দুক হাতে দেখা গিয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও সেই ছবির সত্যতা যাচাই হয়নি। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিল তৃণমূল।
এরপরই গৌতম দাসকে সরিয়ে চামেলী মুখোপাধ্যায়কে আনা হয়। কিন্তু সেই সিদ্ধান্তও স্থায়ী হল না। ২৪ ঘণ্টার মধ্যেই ফের বদল ঘটিয়ে বলাই বাগকে দায়িত্ব দেওয়া হল। ভোটের আগে এই ঘনঘন রদবদল ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।





