দীঘা, ২৩ সেপ্টেম্বরঃ দিঘার সমুদ্রে আচমকাই ‘বিপদ সঙ্কেত’! আকাশে নিম্নচাপের ভ্রুকুটি, উত্তাল হতে পারে সমুদ্র ‘অর্ণব’-এর পরোক্ষ প্রভাবে উপকূলে বাড়ছে আশঙ্কা। পর্যটকদের সতর্ক করতে সৈকতে মাইকিং, সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা; মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনার তৎপরতা প্রশাসনের।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম অংশে থাকা নিম্নচাপটি ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে সেটি এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আপাতত সরাসরি প্রভাব ফেলছে না বাংলায়। কিন্তু নিম্নচাপের প্রভাবে বুধবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
দিঘা, শঙ্করপুর, জুনপুট, পেটুয়াঘাট-সহ বিস্তীর্ণ উপকূল এলাকায় ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে। মেঘলা আকাশের পাশাপাশি সমুদ্রও উত্তাল হতে পারে বলে আশঙ্কা। ফলে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে থাকা মাছ ধরার নৌকাগুলিকেও দ্রুত নিরাপদ জায়গায় ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন।
পর্যটকদের নিরাপত্তাতেও বাড়তি নজর। দিঘা, শঙ্করপুর, তাজপুর এবং মন্দারমণি সৈকতে মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। সমুদ্রের গভীরে না যাওয়া এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে পর্যটকদের কাছে।
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না থাকলেও সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় আপৎকালীন পরিকাঠামোও প্রস্তুত রাখা হয়েছে।





