খবরিয়া ২৪ ডেস্ক, ২৭ ডিসেম্বরঃ গত পাঁচ বছরে ভারতে নাগরিকত্ব ছেড়েছেন প্রায় ৯ লক্ষ মানুষ। সংসদের শীতকালীন অধিবেশনে এই চাঞ্চল্যকর তথ্যই তুলে ধরল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বিদেশ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে ৮৫ হাজার ২৫৬ জন ভারতীয় নাগরিকত্ব বর্জন করেন। পরের বছর অর্থাৎ ২০২১ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ১ লক্ষ ৬০ হাজার। ২০২২ সালে নাগরিকত্ব ছাড়েন প্রায় ২ লক্ষ ২০ হাজার মানুষ। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২ লক্ষ ১০ হাজার এবং ২০২৪ সালে প্রায় ২ লক্ষ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন।
বিরোধী সাংসদদের প্রশ্নের উত্তরে সংসদে এই তথ্য পেশ করা হয়। প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, কতজন মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছেন, তাঁদের আর্থিক অবস্থান কেমন ছিল এবং তাঁরা কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। উত্তরে কেন্দ্র জানায়, নাগরিকত্ব বর্জনের সামগ্রিক পরিসংখ্যান সরকারের কাছে থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের আয় বা পেশা সংক্রান্ত কোনও তথ্য সংরক্ষিত নেই।
বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত নাগরিকত্ব বর্জনের হার প্রতি বছর গড়ে ১.২ থেকে ১.৪ লক্ষের মধ্যে ছিল। ওই নয় বছরে মোট ১১ লক্ষ ৮৯ হাজার ১৯৪ জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেন। সব মিলিয়ে পরিসংখ্যান বলছে, গত ১৪ বছরে ২০ লক্ষেরও বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছেন, যা স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
তবে নাগরিকত্ব বর্জনের নির্দিষ্ট কারণ নিয়ে কেন্দ্র কোনও মন্তব্য করেনি। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ সংসদে জানান, নাগরিকত্ব ত্যাগের কারণ একান্তই ব্যক্তিগত বিষয় এবং তা শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তিরাই জানেন। এর আগেও কেন্দ্র সংসদে জানিয়েছিল, এই বিষয়ে সরকার কোনও নির্দিষ্ট কারণ চিহ্নিত করে না।
কেন্দ্রের ব্যাখ্যায় আরও বলা হয়েছে, জ্ঞাননির্ভর অর্থনীতির এই যুগে বিশ্বজুড়ে কর্মক্ষেত্রের যে নতুন সুযোগ তৈরি হয়েছে, তা সরকার স্বীকৃতি দেয়। প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেশের সম্পর্কের ধরনেও পরিবর্তন এসেছে। কেন্দ্রের মতে, “সফল, সমৃদ্ধশালী এবং প্রভাবশালী প্রবাসী ভারতীয়রা ভারতের জন্য একটি বড় সম্পদ।” এই প্রবাসী নেটওয়ার্ক থেকে প্রাপ্ত ‘সফ্ট পাওয়ার’ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থানকে আরও মজবুত করতে সাহায্য করে বলেও দাবি করা হয়েছে।
এদিকে বিদেশে সংকটের সময়ে ভারতীয়দের পাশে দাঁড়ানোর বিষয়টিও সংসদে তুলে ধরেছে কেন্দ্র। সরকারের দাবি, গত তিন বছরে বিদেশ থেকে মোট ৫ হাজার ৯৪৫ জন ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইজরায়েল থেকে ‘অপারেশন অজয়’, ইরান-ইজরায়েল সংঘর্ষের সময় ‘অপারেশন সিন্ধু’ এবং কুয়েতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর ৪৫ জন ভারতীয়র মৃতদেহ দেশে ফিরিয়ে আনার কথাও সংসদে জানানো হয়।





