শিলিগুড়ি, ১৯ জানুয়ারিঃ বেলডাঙ্গায় একের পর এক সাংবাদিকদের উপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদে সোমবার শিলিগুড়িতে বিক্ষোভ সমাবেশ করল শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব। গণমাধ্যমের স্বাধীনতার উপর এই হামলাকে সরাসরি আঘাত বলে উল্লেখ করে এদিন কাঞ্চনজঙ্ঘা ভবনে ক্লাবের কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়।
গান্ধী মূর্তির সামনে কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চলে। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সাংবাদিকরা স্লোগান তোলেন এবং স্পষ্ট ভাষায় জানান, খবর সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। বেলডাঙ্গার ঘটনার প্রেক্ষিতে রাজ্যজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলেও এদিন অভিযোগ করা হয়।
এই প্রতিবাদ সভায় বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সেক্রেটারি অংশুমান চক্রবর্তী ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “একজন সাংবাদিকের উপর হামলা মানে শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, গোটা গণতন্ত্রের উপর আঘাত। সংবাদমাধ্যমকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না।”
তিনি আরও বলেন, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তিনি। বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হলেও সাংবাদিকদের একটাই দাবি, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।





