মালদা, ২৮ ফেব্রুয়ারিঃ ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে কড়া অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। কয়েক কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক উদ্ধার করে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি এই তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বিশেষ সূত্রে খবর আসে যে মোথাবাড়ি থানার আমলিতলা ফিল্ড এলাকায় বেআইনি ভাবে নিষিদ্ধ মাদক তৈরির কাজ চলছে। সেই খবরের ভিত্তিতে রাত প্রায় ৯টা নাগাদ কালিয়াচক ও মোথাবাড়ি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অভিযুক্ত অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। তবে এক ব্যক্তি পুলিশের জালে ধরা পড়ে।
ধৃতের কাছ থেকে একটি কন্টেনার উদ্ধার হয়। তল্লাশি চালিয়ে ওই কন্টেনার থেকে প্রায় সাড়ে চার কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়। পুলিশি তদন্তে জানা গিয়েছে, ধৃতের নাম কাইয়ুম শেখ (৩৪)। তাঁর বাড়ি কালিয়াচক থানার কিসমতপুর এলাকায়।
পুলিশ সুপার জানান, গত কয়েক মাস ধরে কালিয়াচককে মাদক তৈরির আঁতুড়ঘর হিসেবে চিহ্নিত করে লাগাতার অভিযান চালানো হচ্ছে। এর জেরে মাদক চক্র এখন বিভিন্ন পকেট এলাকায় ছড়িয়ে পড়ে কারবার চালানোর চেষ্টা করছে। তবে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ করায় এই সাফল্য মিলেছে।
ধৃতকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। পলাতকদের খোঁজে তল্লাশি চলছে। আগামী দিনেও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।





