বিধাননগর, ১৭ মেঃ বিধাননগর পুরসভা এলাকার ৩৬ নম্বর ওয়ার্ডের বাসন্তী দেবী কলোনিতে রবিবার সকালে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস থেকে শতাধিক আধার কার্ড উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ছুটির দিনের সকালে এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। উদ্ধার হওয়া আধার কার্ডগুলির পাশাপাশি একাধিক প্যান কার্ড ও জমি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথিও পুলিশ বাজেয়াপ্ত করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই পার্টি অফিসে নানা ধরনের বেআইনি কার্যকলাপ চলার অভিযোগ উঠছিল। বিজেপি নেতৃত্বের দাবি, গত ৪ মে তারা ওই পার্টি অফিসে তালা লাগিয়ে দেয়। রবিবার সকালে তালা খোলার পরই ভিতরে বহু আধার কার্ড ও অন্যান্য নথি দেখতে পান স্থানীয়রা। পরে সেগুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এলাকার এক বাসিন্দার অভিযোগ, বহু সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দেওয়া হতো এবং তাঁদের আধার কার্ড পার্টি অফিসে আটকে রাখা হত। তাঁর দাবি, শুধু আধার কার্ড নয়, আরও নানা বেআইনি কাজের সঙ্গে জড়িত ছিল এই অফিস। যদিও এই অভিযোগের সত্যতা এখনও সরকারি ভাবে প্রমাণিত হয়নি।
স্থানীয় বিজেপি নেত্রী শম্পা দেবনাথ বলেন, “আমাদের কাছে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল যে এলাকাবাসীর আধার কার্ড নিয়ে রাখা হয়েছে। ৪ মে-র পর আমরা জায়গাটিতে তালা লাগাই। আজ তালা খুলতেই এত নথি উদ্ধার হয়েছে। আমরা চাই, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”
অন্যদিকে, এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। উদ্ধার হওয়া নথিগুলি কার, কীভাবে পার্টি অফিসে এল এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।




