কলকাতা, ১৩ মেঃ বিধানসভার শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে বুধবার ছিল রাজনৈতিক ব্যস্ততার আবহ। তবে সেই আবহের মধ্যেই নজর কাড়লেন হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের বিখ্যাত মনোহরা ও অন্যান্য মিষ্টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র জন্য বিধানসভায় হাজির হন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর।
সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে নিজের রাজনৈতিক দল গঠন করেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন হুমায়ুন। বুধবার তিনি নওদা কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন।
বিধানসভায় ঢোকার সময় গলায় দুটি আইডি কার্ড ঝুলিয়ে দেখা যায় তাঁকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, “মনোহরা মানে মনের আরাম। তাই মুখ্যমন্ত্রীর জন্য নিয়ে এসেছি। অনেক রাজনৈতিক কচকচি হয়েছে, এবার একটু মিষ্টিমুখ হোক।” তিনি আরও জানান, শাসক ও বিরোধী সব পক্ষের বিধায়কদের জন্যই মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল। যদিও দোকানে মনোহরা কম থাকায় সীমিত সংখ্যক আনতে পেরেছেন বলে জানান তিনি।
সংবিধান অনুযায়ী একটি আসনই ধরে রাখা সম্ভব হওয়ায় রেজিনগর আসন ছাড়ার কথাও এদিন স্পষ্ট করেন হুমায়ুন কবীর। তিনি জানান, রেজিনগর কেন্দ্রের উপনির্বাচনে তাঁর ছেলে গুলাম নবী আজাদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদের নামেই ছেলের নাম রাখা হয়েছে বলেও জানান তিনি। ছেলের ডাকনাম রবিন এবং জন্মদিন ২৫ বৈশাখ বলেও উল্লেখ করেন।
এদিন হুমায়ুন কবীর আরও বলেন, “নতুন দল গড়ে দু’টি আসনে জয় পাওয়া মানুষের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়।” পাশাপাশি দুর্নীতিগ্রস্ত সরকারকে মানুষ ভোটের মাধ্যমে সরিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।





