খবরিয়া ২৪ ডেস্ক, ২২ ডিসেম্বরঃ রাজনীতির মঞ্চ একই থাকলেও বদলেছে দল। সোমবার তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর আনুষ্ঠানিকভাবে নিজের নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’ (JUP)-র ঘোষণা করলেন। একই সঙ্গে প্রকাশ করা হলো দলের পতাকা, ইস্তেহার এবং প্রার্থী তালিকা। হলুদ, সবুজ ও সাদা রঙের পতাকা উন্মোচনের মধ্য দিয়ে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিলেন তিনি।
সবচেয়ে চমকপ্রদ বিষয়, প্রার্থী তালিকায় একাধিক হুমায়ুন কবীর। দলনেতা নিজেই ভরতপুর ও রেজিনগর-এই দুই বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন বলে ঘোষণা করেছেন। এছাড়াও ভগবানগোলায় প্রার্থী হচ্ছেন এক হুমায়ুন কবীর, যিনি পেশায় ব্যবসায়ী। রানিনগর কেন্দ্র থেকেও লড়বেন আর এক হুমায়ুন কবীর। আরও একজন একই নামের ব্যক্তি দলের হয়ে লড়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দলনেতা। এই প্রসঙ্গে হুমায়ুন কবীরের বক্তব্য, “হুমায়ুন কবীর মানেই ভাগ্যবান।”
প্রার্থী তালিকায় অন্যান্য নামও রয়েছে। খড়্গপুর গ্রামীণ কেন্দ্রে ইব্রা হাজি, মালদহের বৈষ্ণবনগরে মুস্তারা বিবি, মুর্শিদাবাদ ৬৪ নম্বর কেন্দ্রে মনীষা পাণ্ডে, দক্ষিণ দিনাজপুরের হরিরাম বিধানসভায় ড. ওয়েদুল রহমান, কলকাতার বালিগঞ্জে নিশা চট্টোপাধ্যায় এবং ইছাপুর থেকে সিরাজুল মণ্ডল প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছেন।
হুমায়ুন কবীর আগেই জানিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অন্তত ৯০টি আসনে জয় তাঁদের লক্ষ্য। তাঁর দাবি, তৃণমূল বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলে তাঁর রাজনৈতিক ও সামাজিক লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে না। তাই রাজ্যের ক্ষমতার ভারসাম্য নিজেদের হাতে রাখতে চান তিনি।
২০২১ সালের নির্বাচনের আগে নওসাদ সিদ্দিকির নেতৃত্বে গঠিত আইএসএফ যেমন নতুন রাজনৈতিক বিকল্প তৈরি করেছিল, তেমনই ২০২৬-র আগে জনতা উন্নয়ন পার্টিও রাজ্য রাজনীতিতে নতুন অঙ্ক কষতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।





