আলিপুরদুয়ার, ২৭ ফেব্রুয়ারি : আবারও জনবসতি এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর রাঙালি বাজনা জাহাদীপাড়ায় এলাকায়।
জানা গেছে, এদিন সন্ধ্যা প্রায় ছ’টা নাগাদ আচমকাই আগুন লাগে একটি বাড়িতে।সেই সময় বাড়ির গৃহপালিত ছাগলগুলোকে মাঠ থেকে এনে ঘরে বেঁধে রাখা হয়েছিল। হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় প্রায় কুড়িটি ছাগলের মৃত্যু হয়, যার মধ্যে কয়েকটি শাবকও ছিল।
ঘটনাস্থলে বাড়ির গৃহকর্তা তপন রায় ঘরের ভিতরেই ছিলেন বলে স্থানীয়দের দাবি। যদিও তিনি প্রাণে বেঁচে যান। তবে আগুনে পুড়ে যায় ঘরের একাধিক প্রয়োজনীয় নথিপত্র ও নগদ অর্থ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীরপাড়া ফায়ার স্টেশন-এর একটি দমকল ইঞ্জিন।
তবে তার আগেই স্থানীয় বাসিন্দারা পাশের পুকুর থেকে জল এনে আগুন নেভানোর কাজে হাত লাগান এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনেন। হঠাৎ কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা।





