শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বরঃ সোনার ঝলকানিতে সেজে উঠবেন দেবী দুর্গা। সঙ্গে থাকবেন লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকও। উত্তরবঙ্গে এমন আয়োজন এই প্রথম বলে দাবি উদ্যোক্তাদের। শিলিগুড়ি সেন্ট্রাল কলোনির ৬৪তম বর্ষের দুর্গাপুজোয় এবার তৈরি হচ্ছে মোট ১০০ কেজি সোনার বিশেষ সাজ। সেই একই সোনার অলঙ্কারেই সাজানো হবে দুর্গা-সহ পাঁচ দেবদেবীকে।
সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে পুজোর বিশেষ আকর্ষণের কথা জানান সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটির কর্তারা। তাঁদের দাবি, প্রতি বছরই নতুন ভাবনা ও চমক নিয়ে হাজির হয় এই পুজো। এবার সেই আয়োজনের মাত্রা আরও কয়েক ধাপ বাড়ানো হয়েছে।
সেনকো গোল্ডের সহযোগিতায় তৈরি হচ্ছে ১০০ কেজি সোনার বিশেষ সাজ। শুধু সোনার অলঙ্কারই নয়, এবারের পুজোয় থাকছে আরও একাধিক আকর্ষণ। বালুরঘাটের শিল্পীর হাতে তৈরি হচ্ছে মণ্ডপ। অন্য দিকে, চন্দননগরের শিল্পীদের তৈরি আলোকসজ্জায় সাজবে গোটা পুজো প্রাঙ্গণ।
তবে এবার বদলেছে পুজোর ঠিকানা। এতদিন যে মাঠে সেন্ট্রাল কলোনির পুজো হয়ে আসছিল, সেখানে রেলের তরফে ক্রিকেট মাঠ তৈরির কাজ চলছে। ফলে পুরনো জায়গা থেকে প্রায় ২০০ মিটার দূরে নিউ জলপাইগুড়ি থানার এবং নিউ জলপাইগুড়ি রেলের অফিসের পাশের মাঠে এ বার পুজোর আয়োজন করা হচ্ছে। জায়গা বদলালেও চমকে কোনও খামতি রাখতে নারাজ উদ্যোক্তারা।
১০০ কেজি সোনার সাজে দেবী ও তাঁর চার সন্তানকে দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়তে পারে বলে মনে করছে পুজো কমিটি। তাই নিরাপত্তাতেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। মণ্ডপের প্রায় আট ফুট আগে থেকেই ব্যারিকেড করা হবে। গোটা এলাকা থাকবে সিসিটিভির নজরদারিতে। নিরাপত্তারক্ষী ও বেসরকারি নিরাপত্তাকর্মীদের পাশাপাশি পুলিশের ব্যবস্থাও রাখা হচ্ছে। মণ্ডপের পিছনেও পৃথক ব্যারিকেড থাকবে। নির্দিষ্ট লাইন মেনেই দর্শনার্থীদের প্রতিমা দর্শন করতে হবে।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়ক-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তাঁদের দাবি, অনেকের কাছ থেকেই ইতিবাচক সাড়াও মিলেছে। তবে পুজোর উদ্বোধন কে করবেন, তা এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না তাঁরা। পুজোর প্রায় এক সপ্তাহ আগে উদ্বোধকের নাম ঘোষণা করা হবে। তৃতীয়ার দিন সন্ধ্যা ৬টায় উদ্বোধন হওয়ার কথা।
সোনার সাজে দেবী দুর্গা ও তাঁর চার সন্তান, বালুরঘাটের মণ্ডপ, চন্দননগরের আলো সব মিলিয়ে সেন্ট্রাল কলোনির ৬৪তম বর্ষের পুজো ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গে। পুজোর মরসুমে শহরে আসা পর্যটকদের কাছেও এই পুজো অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আশা উদ্যোক্তাদের।





