শিলিগুড়ি, ১৩ মেঃ বুধবার ভোররাতে শিলিগুড়ি সংলগ্ন পতিরাম জোতের অনিল নগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি বহু পুরনো ফার্নিচার তৈরির কারখানা। ঘটনায় কয়েক কোটি টাকার ফার্নিচার ও অন্যান্য সামগ্রী পুড়ে গিয়েছে বলে দাবি করেছেন কারখানার মালিকপক্ষ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাতে হঠাৎই এলাকার বাসিন্দারা দেখতে পান কারখানার ভিতর থেকে আগুনের বিশাল লেলিহান শিখা বের হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন গোটা কারখানাজুড়ে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত এলাকাবাসীরা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে।
তবে অভিযোগ, এলাকায় সঠিক রাস্তা না থাকায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে যথেষ্ট সমস্যার মুখে পড়ে। মূল রাস্তা দিয়ে বড় ইঞ্জিন প্রবেশ করতে না পারায় ঘুরপথে একটি ছোট ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। পরে দমকল কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কারখানার ভিতরে প্রচুর পরিমাণ কাঠ, পালিশের সামগ্রী ও দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিক অনুমান। অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকায় ধোঁয়ায় ঢেকে যায় পরিবেশ। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ-এর অধীন মাটিগারা পুলিশ স্টেশন। পাশাপাশি দমকল বিভাগের পক্ষ থেকেও ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।





