মালদা, ২৪ ডিসেম্বর: সিভিক ভলেন্টিয়ার থেকে সরাসরি রাজনৈতিক ময়দানে পা রাখলেন মুজকেরা বিবি। বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের হয়ে মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রার্থী ঘোষণার পরই সিভিক ভলেন্টিয়ারের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে মুজকেরা বিবিকে। যদিও এতে কোনও আফসোস নেই বলেই জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, নির্বাচনের লড়াইটাই এখন তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
বৈষ্ণবনগর ব্লকের বিননগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুজকেরা বিবি। তাঁর স্বামী কুরবান আনসারী একজন স্বেচ্ছাসেবী সংগঠক। কুরবান আনসারী জানান, তিনি প্রথমে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনীতি শুরু করেছিলেন। মুজকেরা বিবির দাবি, রাজনীতিতে এই প্রথম নামলেও তিনি হুমায়ুন কবিরের নির্দেশ মেনেই কাজ করবেন।
এদিকে এই নতুন রাজনৈতিক সমীকরণকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল, বিজেপি ও মিম। মুজকেরা বিবির স্বামী কুরবান আনসারী দাবি করেন, ২০২৬-এর নির্বাচনে লড়াই হবে বিজেপির সঙ্গে, তৃণমূল কোনও ফ্যাক্টর নয়। অন্যদিকে মিমের জেলা সভাপতি রেজাউল করিম বলেন, ভোটের ফলেই সব স্পষ্ট হবে। তৃণমূলের মুখপাত্র আশীষ কুন্ডু হুমায়ুন কবিরের কড়া সমালোচনা করেন। বিজেপির দক্ষিণ মালদা সহ-সভাপতি তারক ঘোষ বলেন, হুমায়ুন কবিরের দল আসলে তৃণমূলেরই অংশ।





