খবরিয়া ২৪ ডেস্ক, ৩০ জুলাইঃ ‘অকর্মণ্য’, ‘বেকার’ বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের কটাক্ষের জবাব এল একই মুদ্রায়। তবে রাজনৈতিক যুক্তিতে নয়, ব্যক্তিগত খোঁচায়। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র মুখপাত্র সৌরভ দাস এ বার কঙ্গনার অতীত সম্পর্কের প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ শানালেন। যন্তর মন্তরের ছাত্র আন্দোলন ঘিরে শুরু হওয়া রাজনৈতিক তরজা এ বার পৌঁছে গেল ব্যক্তিগত পরিসরেও।
এক সাক্ষাৎকারে রসিকতার সুরে সৌরভ বলেন, “আমি বুঝতেই পারছি না কঙ্গনার মতো মানুষ কেন আমার পিছনে পড়ে আছেন। বন্ধুরা মেসেজ করে বলছে, আমাকে নাকি তরুণ বয়সের হৃতিক রোশনের মতো দেখতে। সেই কারণেই বোধহয় উনি আমার পিছনে রয়েছেন।” এরপরই তাঁর সংযোজন, “আমার পিছনে সময় নষ্ট না করে নিজের সাংসদ হিসেবে দায়বদ্ধতার দিকে নজর দেওয়া উচিত। একটু শান্ত হোন, বসে কথা বলি। এ দেশের বড় সমস্যা, কেউ কারও সঙ্গে কথা বলতে চায় না।”
যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিকে ঘিরে গত কয়েক দিন ধরেই কঙ্গনা ও সৌরভের মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ চলছে। আন্দোলনের শুরু থেকেই কঙ্গনা বিক্ষোভকারীদের কড়া ভাষায় আক্রমণ করেছেন। একাধিক মন্তব্যে তিনি আন্দোলনকারী তরুণদের পাশাপাশি গোটা ‘জেন জি’ প্রজন্মকেও কটাক্ষ করেন।
তার জবাবে সৌরভ প্রশ্ন তুলেছিলেন কঙ্গনার সাংসদ হিসেবে ভূমিকা নিয়ে। তাঁর দাবি ছিল, “নিজের দলের লোকেরাই ওঁকে খুব একটা গুরুত্ব দেন না। উনিই বলেছেন, সাংসদদের এত কাজ করতে হয়, তা জানতেন না। তাই আগে নিজের দায়িত্বে মন দেওয়া উচিত।”
সেই মন্তব্যেই ক্ষুব্ধ হয়ে কঙ্গনা পাল্টা সৌরভকে ‘অকর্মণ্য’ ও ‘বেকার’ বলে আক্রমণ করেন। তাঁর বক্তব্য ছিল, “তুমি ছাত্র নও, একজন বেকার মানুষ। আগে কোনও বিষয়ে দক্ষতা অর্জন কর, তারপর ভবিষ্যতের কথা ভাবো।”
এ বার সেই ব্যক্তিগত আক্রমণের জবাবও ব্যক্তিগত স্তরেই দিলেন সৌরভ। তাঁর মন্তব্যে উঠে এল কঙ্গনার বহু আলোচিত অতীত সম্পর্কের প্রসঙ্গ, যা নিয়েই নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। এখন রাজনৈতিক মহলের নজর, কঙ্গনা রানাউত এই খোঁচার কোনও জবাব দেন কি না, নাকি এখানেই ইতি পড়ে এই তীব্র বাকযুদ্ধের।





