শিতলকুচি, ১২ অক্টোবরঃ সাধারণ মানুষের চোখের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল লালবাজারের বারোমাসিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। শীতলকুচি ৬ নম্বর মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সহযোগিতায় এবং শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের ব্যবস্থাপনায় এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে কয়েকশ মানুষ চোখ পরীক্ষা করিয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।
এলাকার সাধারণ মানুষের কাছে চক্ষু চিকিৎসার পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। বিনামূল্যে চোখ পরীক্ষা করার সুযোগ পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। চোখের বিভিন্ন সমস্যা নিয়ে শিবিরে আসা রোগীদের পরীক্ষা করার পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার বিধানসভা ইনচার্জ আব্দুল লতিফ মিয়া, সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি মুকুল হোসেন মিয়া, বুথ সভাপতি আতিয়ার রহমান ও ছেকতার আলী মিয়া, সংখ্যালঘু মোর্চার মণ্ডল সহ-সভাপতি আব্দুল বারিক রহমান এবং ভিআরপি হরেকৃষ্ণ বর্মন-সহ অন্যান্যরা।
উদ্যোক্তাদের মতে, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। আগামী দিনেও এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী তাঁরা।





