খবরিয়া ২৪ ডেস্ক, ১৬ ডিসেম্বরঃ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির আগমন ঘিরে সৃষ্ট বিতর্কের পর বড় রাজনৈতিক সিদ্ধান্তের পথে হাঁটলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তিনি। ওই চিঠিতে অরূপ বিশ্বাস স্পষ্টভাবে জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
চিঠিতে ক্রীড়ামন্ত্রী উল্লেখ করেন, গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির যুবভারতী ক্রীড়াঙ্গনে আগমন উপলক্ষে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছেন। সেই প্রেক্ষিতেই কোনও রকম প্রশ্ন না উঠে, সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছেন বলে জানান অরূপ বিশ্বাস।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স (পূর্বতন টুইটার)-এ একটি পোস্ট করে দাবি করেন, অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গৃহীত হয়েছে। তাঁর পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়। তবে অন্য একটি সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও অরূপ বিশ্বাসের ইস্তফা গ্রহণ করেননি। ফলে ইস্তফা গ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর ‘গোট ট্যুর’-এর অংশ হিসেবে ফুটবল মহাতারকা লিওনেল মেসি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আসেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। কিন্তু অভিযোগ, হাজার হাজার টাকা খরচ করেও বহু দর্শক মেসিকে কাছ থেকে দেখতে পাননি। অনুষ্ঠান চলাকালীন চরম অব্যবস্থার অভিযোগ ওঠে এবং মেসি স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ার পর ভাঙচুরের ঘটনাও ঘটে।
এই গোটা ঘটনায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস যুবভারতীতে উপস্থিত ছিলেন। অব্যবস্থার অভিযোগে মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হতেই রাজনৈতিক চাপ বাড়তে থাকে। সেই চাপের মধ্যেই দায়িত্ববোধের পরিচয় দিয়ে অব্যাহতি চাওয়ার সিদ্ধান্ত নেন ক্রীড়ামন্ত্রী।
এখন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। তদন্তের অগ্রগতি ও ইস্তফা গ্রহণ নিয়ে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সকলের।





