আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শরিফ ওসমান হাদির মৃত্যুর পর অগ্নিগর্ভ বাংলাদেশ, বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার, সিলেটে কড়া নিরাপত্তা

Published on: December 21, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২১ ডিসেম্বরঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও প্রভাবশালী ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। দেশজুড়ে বিক্ষোভ, সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনার আবহে ভারতের কূটনৈতিক স্থাপনাগুলির নিরাপত্তা জোরদার করেছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।

রবিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আশপাশে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামের ভিসা সেন্টারের সমস্ত কাজ স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে উপযুক্ত সময়ে পুনরায় কেন্দ্র চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সিলেটেও তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সিলেট শহরের উপশহর এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন দফতর, সহকারী হাইকমিশনারের সরকারি বাসভবন এবং শোভনীঘাটের ভিসা আবেদন কেন্দ্রের চারপাশে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকায় টহল দিচ্ছেন। রাতভর সতর্ক নজরদারি চালানো হয় বলে জানিয়েছে প্রশাসন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম বাংলাদেশের সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউন-কে জানান, “কোনও তৃতীয় পক্ষ যেন পরিস্থিতির সুযোগ নিয়ে অশান্তি ছড়াতে না পারে, সেই লক্ষ্যেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।” উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে গণ অধিকার পরিষদ ভারতের বিভিন্ন কূটনৈতিক দফতর ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে। চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাও ঘটে। সিলেটে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ। বিক্ষোভ চলাকালীন ভারত-বিরোধী স্লোগান শোনা যায়।

শরিফ ওসমান হাদি ছিলেন বাংলাদেশের ছাত্র রাজনীতির এক পরিচিত মুখ। গত বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ সরকারের পতনের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলা সাধারণ নির্বাচনে তিনি সম্ভাব্য প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারের সময় বন্দুকধারীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

শনিবার ঢাকার বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির কাছে কড়া নিরাপত্তার মধ্যে হাদির শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যের পর ইনকিলাব মঞ্চ অন্তর্বর্তী সরকারের কাছে ২৪ ঘণ্টার আল্টিমেটাম জারি করেছে। সংগঠনের দাবি, হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে দ্রুত ও দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment