শিলিগুড়ি, ২৭ জুলাইঃ বহু প্রতীক্ষার অবসান। অবশেষে সোমবার বিকেল চারটেয় শিলিগুড়ির মহাত্মা গান্ধী চক এলাকার উড়ালপুলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়ে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন। মঞ্চ তৈরির কাজের পাশাপাশি গোটা এলাকা ঘিরে কড়া নিরাপত্তার বলয় তৈরি করেছে পুলিশ।
মহাত্মা গান্ধী চক উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত ট্রাফিক সংযোগস্থল। দীর্ঘদিনের যানজটের সমস্যা কাটাতে তৈরি হওয়া এই উড়ালপুল চালু হলে শহরের যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা প্রশাসনের। উদ্বোধন উপলক্ষে সোমবার দুপুর থেকেই আশপাশের এলাকায় যান নিয়ন্ত্রণ শুরু হয়েছে। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশকর্মী। অনুষ্ঠানস্থল ও উড়ালপুল চত্বর জুড়ে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ।
এই উড়ালপুল নির্মাণের পর প্রথমে তার রং ছিল নীল-সাদা। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উড়ালপুলের রং পরিবর্তন করা হয়। সেই পরিবর্তিত রূপেই আজ আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে সেতুটি।
এর আগেও মুখ্যমন্ত্রীর হাতেই উড়ালপুলটির উদ্বোধনের পরিকল্পনা ছিল। কিন্তু টানা প্রশাসনিক ও সরকারি কর্মসূচির ব্যস্ততার কারণে তা পিছিয়ে যায়। অবশেষে সোমবার বিকেলে সেই অপেক্ষার অবসান হচ্ছে।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ির এই উড়ালপুল চালু হলে শুধু শহরের যানজট কমবে না, শিলিগুড়ি-জলপাইগুড়ি, বাগডোগরা ও দার্জিলিংমুখী যানবাহনের চলাচলও আরও দ্রুত ও স্বাভাবিক হবে বলে মনে করছে প্রশাসন। উদ্বোধন ঘিরে শহরজুড়ে উৎসাহের আবহ তৈরি হয়েছে।





