দিনহাটা, ২৫ ডিসেম্বর : উত্তরবঙ্গের দিনহাটা শহর রঙিন উচ্ছ্বাসে মেতে উঠেছে পাঁচ দিনব্যাপী ষোড়শ রাজ্য শিশু-কিশোর উৎসবের আবহে। দিনহাটা শহরের কেন্দ্রস্থল সংহতি ময়দান থেকে এই বৃহৎ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। উৎসবের সূচনা পর্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। দিনহাটার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং একাধিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা উৎসবের রঙ ও উদ্দীপনা নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রার রেশ কাটতেই সংহতি ময়দানের মূল মঞ্চে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।উৎসবের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিশু-কিশোর একাডেমির চেয়ারপার্সন ও প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, সিতাই বিধায়ক সংগীতা রায়, জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন এবং দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্না দে নন্দী।
এই উৎসব শুধু সংহতি ময়দানেই সীমাবদ্ধ নয়।দিনহাটার চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্র জুড়ে আগামী পাঁচ দিন ধরে চলবে প্রতিভা ও সংস্কৃতির এই মিলনমেলা।উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোর তাদের নাচ, গান, আবৃত্তি, অঙ্কন, নাটক সহ নানা সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নেবে।এই আয়োজন কেবল মেধা প্রদর্শনের মঞ্চই নয়, বরং শিশুদের মধ্যে সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করবে বলে আশাবাদী আয়োজকরা।





