শিলিগুড়ি, ২২ জুলাই : শিলিগুড়ি পুরনিগমে বুধবার সকালে জেনারেটর রুমে আগুন লাগার ঘটনায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুরকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে চলে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের দফতরে প্রতিদিনের মতো স্বাভাবিক কাজকর্ম চলছিল। সেই সময় আচমকাই ‘আগুন, আগুন’ চিৎকারে কর্মীদের মধ্যে হইচই পড়ে যায়। মুহূর্তের মধ্যেই সবাই ঘটনাস্থলের দিকে ছুটে যান।
প্রাথমিকভাবে জানা যায়, জেনারেটর রুমে বিদ্যুৎ সংযোগে অতিরিক্ত চাপ পড়ায় মেন ইলেকট্রিক বক্সে আগুন ধরে যায়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই পুরনিগমের কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপণের কাজে নেমে পড়েন। তাঁদের তৎপরতায় দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।
ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আগুনের জেরে সাময়িকভাবে আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও খুব বেশি নয় বলে জানা গেছে।
শিলিগুড়ি পুরনিগমের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত বাস্তুকার দেবব্রত মজুমদার জানান, বিদ্যুতের অতিরিক্ত চাপের কারণেই মেন বক্সে আগুন লাগে। তবে আগুনের তীব্রতা খুব বেশি ছিল না। তিনি বলেন, “কর্মীদের দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
এই ঘটনার পর ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক পরিকাঠামোর নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের ওপর আরও জোর দেওয়া হবে বলে পুরনিগম সূত্রে জানা গেছে।





