নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: বিকেলের ব্যস্ততা তখনও কাটেনি। আচমকাই ধোঁয়ার কুণ্ডলী, তার পর মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে উঠল আগুন। শিলিগুড়ি সংলগ্ন ভালোবাসা মোড় এলাকায় একটি কনস্ট্রাকশন কোম্পানির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়াল। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই গোডাউনের ভিতর থেকে আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের দু’টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে।
কিন্তু গোডাউনে মজুত সামগ্রীর কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। প্রায় এক থেকে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকেও সক্রিয় হতে হয়।
আগুন নিয়ন্ত্রণে সময় লাগায় দমকলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়দের একাংশ। তাঁদের অভিযোগ, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক আরও বাড়ে। যদিও আগুন নেভানোর পাশাপাশি যাতে তা আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সে দিকেও নজর ছিল দমকলের।
তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। বৈদ্যুতিক গোলযোগ, নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। গোডাউনে কী ধরনের সামগ্রী মজুত ছিল, তার কতটা পুড়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণই বা কত, তা-ও তদন্তের পর স্পষ্ট হবে।
পুলিশ ও দমকলের তরফে আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আপাতত বড় কোনও হতাহতের খবর না থাকলেও, জনবসতিপূর্ণ এলাকায় এমন ভয়াবহ আগুন ফের এক বার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল।





