কলকাতা, ২৭ ফেব্রুয়ারিঃ আগামী ২৮ ফেব্রুয়ারি, শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, প্রাথমিক তালিকার পর ধাপে ধাপে অতিরিক্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে। অনলাইন এবং অফলাইন—দু’ভাবেই ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারবেন। তালিকায় কার নাম কী অবস্থায় রয়েছে, তাও স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
সূত্রের দাবি, এখনও পর্যন্ত প্রায় ৬০ লক্ষ ভোটারের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। শনিবার প্রকাশিত তালিকায় সকলের নামই থাকবে, তবে যাঁদের তথ্য যাচাই বাকি, তাঁদের নামের পাশে তা উল্লেখ করা হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বৃহস্পতিবার জানান, যদি কারও নাম ইতিমধ্যেই যাচাই হয়ে থাকে এবং কোনও সমস্যা না থাকে, তবে তালিকায় স্বাভাবিকভাবেই তা প্রদর্শিত হবে। আর যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ‘Adjudication’ বা ‘বিচারাধীন’ লেখা থাকবে। কারও নাম বাদ পড়লে ‘Deleted’ উল্লেখ থাকবে।
ভোটার তালিকা দেখা যাবে কমিশনের মূল ওয়েবসাইট ভারতের নির্বাচন কমিশন-এর (eci.gov.in), রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) এবং ইসিআই নেট অ্যাপের মাধ্যমে। নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজের নাম ও এপিক নম্বর দিলেই স্ট্যাটাস জানা যাবে।
এছাড়াও বুথ স্তরের আধিকারিকদের (BLO) কাছেও থাকবে তালিকার হার্ড কপি। ভোটাররা নিজেদের এলাকার BLO-র কাছে গিয়ে নাম যাচাই করতে পারবেন। রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের দেওয়া হবে সফট কপি, পাশাপাশি বুথ স্তরের এজেন্টদের (BLA) হাতেও পৌঁছে যাবে হার্ড কপি। কমিশনের দাবি, স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরিতেই এই উদ্যোগ।





