মালদার, ৯ মেঃ মালদা হরিশ্চন্দ্রপুরে প্রায় পাঁচ বছর পর নিজের ঘরে ফিরল এক বিজেপি কর্মীর পরিবার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত হয়েছিলেন বিজেপির বুথ সভাপতি কালাচাঁদ দাস ও তাঁর পরিবার। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। মারধরের পাশাপাশি বাড়ির সামনে থাকা দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। এমনকি রাস্তায় টেনে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করা হয়েছিল বলেও দাবি পরিবারের।
ঘটনার পর প্রাণভয়ে পরিবার নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন কালাচাঁদবাবু। দীর্ঘদিন বাইরে লুকিয়ে, অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়েছে তাঁদের। খেয়ে না খেয়ে কোনওরকমে বেঁচে ছিলেন বলে জানান তিনি।
সম্প্রতি বিজেপির সরকার গঠনের পর নতুন করে সাহস পেয়েছেন কালাচাঁদ দাস। পরিবারের দাবি, এবার নিরাপত্তা ও ন্যায়বিচারের আশাতেই তাঁরা ঘরে ফিরেছেন। লোকসভা ভোটেও লুকিয়ে এসে বিজেপিকে ভোট দিয়েছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।





