সিতাই, ১৮ জানুয়ারিঃ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও প্রশাসনিক চাপের অভিযোগ তুলে সিতাইয়ে ব্লক স্তরের বিএলও (বুথ লেভেল অফিসার) কর্মীরা রবিবার গণ ইস্তফা দিলেন। ‘বিএলও রক্ষা কমিটি’-র ব্যানারে একযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিএলও রক্ষা কমিটির সদস্যরা জানান, নির্বাচনী প্রক্রিয়ার নামে তাঁদের উপর ক্রমাগত মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে ‘এসআইআর’ (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়াকে কেন্দ্র করে অযৌক্তিক নির্দেশ, সময়সীমার চাপ ও দায়িত্ব পালনে বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। তাঁদের দাবি, এই পরিস্থিতিতে কাজ করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে।
বিএলও রক্ষা কমিটির তরফে আরও অভিযোগ করা হয়, নির্বাচন কমিশন ক্ষমতাসীন দল বিজেপির পক্ষে কাজ করছে। সেই পক্ষপাতিত্বের শিকার হচ্ছেন মাঠপর্যায়ের কর্মীরা। এর প্রতিবাদ হিসেবেই সকল বিএলও একযোগে পদ থেকে অব্যাহতি চেয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন।
জানা গিয়েছে, সিতাইয়ের ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) তথা বিডিও অমিত কুমার মণ্ডলের মাধ্যমে অতিরিক্ত ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার (এআরইও), অর্থাৎ মহকুমাশাসকের কাছে এই ইস্তফাপত্র পাঠানো হয়েছে।
তবে এই গণ ইস্তফার ঘটনায় এখনও পর্যন্ত প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি ঘিরে সিতাইয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।





