কোচবিহার, ৪মেঃ সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ইভিএমে ভোটগণনা। জেলার গুরুত্বপূর্ণ দুই বিধানসভা কেন্দ্র—কোচবিহার উত্তর ও কোচবিহার দক্ষিণে প্রথম রাউন্ডের গণনায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে পাতলাখাওয়া অঞ্চল থেকে গণনা শুরু হয়। প্রথম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম রায় এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বীদের থেকে।
অন্যদিকে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মোয়ামারি অঞ্চল থেকে ইভিএম গণনা শুরু হয়েছে। সেখানেও প্রথম রাউন্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। শুরু থেকেই দুই কেন্দ্রেই তৃণমূলের এগিয়ে থাকা ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে।
তবে এখনও বহু রাউন্ড গণনা বাকি থাকায় চূড়ান্ত ফলাফল নিয়ে জল্পনা অব্যাহত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।





