কোচবিহার, ১৪ মেঃ মাথাভাঙ্গার পঞ্চানন মোড়ে কৃষক বাজার চত্বরে অবৈধ ও অস্থায়ী দোকান সরিয়ে দেওয়ার প্রক্রিয়া বৃহস্পতিবার শুরু হয়েছে। বুধবার জেলা শাসক জীতিন যাদব বাজার পরিদর্শন করে ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত অবৈধ দোকান উচ্ছেদ করার নির্দেশ দেন।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই অস্থায়ী দোকান মালিকরা নিজেদের দোকানপাট সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। দোকান মালিকরা জানান, জেলা শাসকের নির্দিষ্ট সময়সীমা দেওয়ায় তারা প্রশাসনের নির্দেশ মেনে দ্রুত কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।
দীর্ঘদিন ধরে বাজারে রাস্তার ধারে ও নির্দিষ্ট স্থান ছাড়া দোকান তৈরি হওয়ায় যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা সৃষ্টি হচ্ছিল। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের ভবিষ্যৎ পুনর্বাসন এবং বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই উদ্যোগে এলাকায় যান চলাচল স্বাভাবিক ও বাজারের সুশৃঙ্খল পরিবেশ ফিরে এসেছে।





