কলকাতা, ১৮ মে: জলজীবন মিশন প্রকল্প নিয়ে ফের পূর্বতন তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের সঙ্গে বৈঠকে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা যথাযথভাবে ব্যবহার করা হয়নি এবং শুধুমাত্র কাগজে-কলমে কাজ দেখানো হয়েছিল।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল-সহ রাজ্যের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। বৈঠকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে জলজীবন মিশন সংক্রান্ত সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়।
বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, “এতদিন রাজ্যে শুধু খাতায়-কলমে কাজ হয়েছে। কেন্দ্র সরকার যে পরিমাণ অর্থ দিয়েছে, সেই অনুযায়ী বিগত সরকার কাজ করেনি। জলজীবন মিশনের নাম বদলে ‘জলস্বপ্ন’ করে দেওয়া হয়েছিল।”
তিনি আরও জানান, নতুন সরকার গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে দ্রুত কাজ শুরু করবে। কেন্দ্রীয় প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প সম্পূর্ণ করার উপর জোর দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন নিয়ে নতুন সরকারের এই অবস্থান আগামী দিনে প্রশাসনিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।





