শিলিগুড়ি,১৭ এপ্রিলঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গ জুড়ে এখন তুঙ্গে প্রচার পর্ব। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জোরকদমে প্রচারে নেমেছেন, ফলে সমগ্র অঞ্চলে তৈরি হয়েছে হাই-ভোল্টেজ রাজনৈতিক পরিবেশ। সব দলের হেভিওয়েট নেতা ও মন্ত্রীরা উত্তরবঙ্গকে পাখির চোখ করে একের পর এক জনসভা ও রোড শো করছেন।
এই আবহের মধ্যেই তৃণমূল কংগ্রেস তাদের প্রচার আরও জোরদার করেছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শীর্ষ নেতারা ইতিমধ্যেই শিলিগুড়িতে আসতে শুরু করেছেন। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেবের সমর্থনে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার শিলিগুড়ির ৮ নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন গৌতম দেব। এদিন তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা মন দিয়ে শোনেন। পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন ভোটারদের সামনে।
গৌতম দেব জানান, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই তাঁর প্রচারের মূল লক্ষ্য। তিনি বলেন, “মানুষের পাশে থেকে তাঁদের সমস্যার সমাধান করাই আমাদের অগ্রাধিকার। উন্নয়নের ধারাকে বজায় রাখতেই আমরা কাজ করে চলেছি।”
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রচারের তীব্রতা বাড়ছে। রাজনৈতিক দলগুলির এই সক্রিয়তা ও জনসংযোগের প্রচেষ্টা নির্বাচনী লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলছে। আগামী দিনে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আরও বড় মাপের সভা ও কর্মসূচি হতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান।





