খবরিয়া ২৪ ডেস্ক, ৪ জানুয়ারিঃ হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখায় পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের কারণে শনিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। এর জেরে মোট ২০টি আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, যা নিয়ে যাত্রীদের মধ্যে কিছুটা ভোগান্তি দেখা দিয়েছে।
রেল সূত্রে জানা গেছে, তারকেশ্বর স্টেশনে নতুন ফুটওভার ব্রিজ স্থাপনের কাজ চলবে। সেই কারণে শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে এবং রবিবার ও সোমবার মধ্যবর্তী রাতে প্রতিবার ৪ ঘণ্টা ৩০ মিনিট করে পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। পাশাপাশি আরামবাগ ও মায়াপুর স্টেশনের মধ্যবর্তী অংশে সাবওয়ে নির্মাণের জন্য শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে ৮ ঘণ্টা ১৫ মিনিটের ট্র্যাফিক ও পাওয়ার ব্লক কার্যকর করা হয়েছে।
এই কাজের ফলেই তারকেশ্বর শাখায় শনিবার রাতে ৩টি, রবিবার ১২টি এবং সোমবার ৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনগুলির মধ্যে রবিবার হাওড়া-গোঘাট, গোঘাট-হাওড়া, তারকেশ্বর-গোঘাট, তারকেশ্বর-আরামবাগ, হাওড়া-তারকেশ্বর, শেওড়াফুলি-তারকেশ্বর সহ একাধিক গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন রয়েছে। সোমবারও তারকেশ্বর-হাওড়া, তারকেশ্বর-শেওড়াফুলি, শেওড়াফুলি-তারকেশ্বর এবং গোঘাট রুটের একাধিক লোকাল বাতিল থাকবে।
রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই পরিকাঠামোগত কাজ করা হচ্ছে। আগাম বিজ্ঞপ্তি হিসেবে তারকেশ্বর স্টেশনে নোটিস টাঙানো হয়েছে। যাত্রীদের বিকল্প ট্রেন ও সময়সূচি দেখে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে।





