শিলিগুড়ি, ২৮ মেঃ শিলিগুড়ি পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া এলাকায় ফের নেশাগ্রস্ত যুবকদের দৌরাত্ম্যের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। দুই শালার বিবাদের মাঝে পড়ে গুরুতর জখম হলেন রাহুল কামতি (২২) নামে এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার এলাকায় দুই যুবক নেশাজাতীয় সামগ্রী সেবন করে নিজেদের মধ্যে মারামারি করছিল। সেই সময় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান রাহুল।
অভিযোগ, তখনই তার শালা রাজু গাড়ির চাবি দিয়ে রাহুলের গলায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগ, ঘটনার পর থেকেই থানায় অভিযোগ জানানো হলেও টানা তিন দিন পুলিশ এফআইআর নেয়নি। বৃহস্পতিবার এলাকাবাসীরা থানায় গেলে অবশেষে অভিযোগ দায়ের করা হয়। এদিকে অভিযুক্ত এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং পরিবারকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
ঘটনায় কান্নায় ভেঙে পড়েন রাহুলের মা। তিনি দোষীর কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি এলাকায় বেআইনি নেশার কারবার বন্ধে প্রশাসনের কড়া পদক্ষেপের দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দারা।





