মালদা, ৭ জানুয়ারিঃ SIR প্রক্রিয়ার আবহে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদায়। কাজের অতিরিক্ত চাপ ও অসুস্থতার জেরেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ী পাকুরতলা এলাকায়।
মৃতার নাম সম্পৃতা চৌধুরী সান্যাল (৪৮)। তিনি পাকুরতলা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন আইসিডিএস কর্মী ছিলেন। পাশাপাশি ইংরেজবাজার পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথে বিএলও (BLO) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি চলা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার কাজেই তিনি ব্যস্ত ছিলেন বলে জানা গিয়েছে।
মৃতার স্বামী অর্ধেন্দু চৌধুরীর অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে তাঁর স্ত্রীর উপর কাজের প্রচণ্ড চাপ ছিল। তার মধ্যেই তীব্র শীতের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের কাছে গেলে বিশ্রামের পরামর্শ দেওয়া হলেও SIR-এর কাজের চাপের কারণে তিনি বিশ্রাম নিতে পারেন নি। কাজ চালিয়ে যেতে গিয়েই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শেষ পর্যন্ত বুধবার ভোরে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবার।
খবর পেয়ে মৃতার বাড়িতে ছুটে যান ইংরেজবাজার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গায়েত্রী ঘোষ। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপের কারণেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিএলও-রা অসুস্থ হয়ে পড়ছেন। তারই পরিণতি হিসেবে এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলির বক্তব্য, যেকোনো মৃত্যু নিঃসন্দেহে দুঃখজনক। তবে সমস্ত দায় নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিলে চলবে না। তাঁর অভিযোগ, তৃণমূলের জনপ্রতিনিধি ও নেতৃত্বও অনেক ক্ষেত্রে বিএলও-দের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে, যার ফলেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই ঘটনায় ফের একবার SIR প্রক্রিয়ায় নিযুক্ত কর্মীদের কাজের চাপ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।





