শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ গোপন সূত্রে আগেই খবর ছিল বিমানপথে পাচার হতে চলেছে বিপুল পরিমাণ হিরে। সেই তথ্যের ভিত্তিতেই বাগডোগরা বিমানবন্দরে জাল বিছিয়েছিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই)। মঙ্গলবার বেলা নাগাদ এক ব্যক্তির আচরণ ও চলাফেরা দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলেও সন্দেহ কাটেনি। এরপর লাগেজ তল্লাশিতেই কার্যত চমকে ওঠেন আধিকারিকরা। উদ্ধার হয় বহুমূল্যের হিরে।
ডিআরআই সূত্রে জানা গিয়েছে, মোট ৪৬টি হিরে উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৩ লক্ষ টাকা। উদ্ধার হওয়া হিরের মোট ওজন ৮০৮.৩৩ ক্যারেট বা ১৬১.৬৬ গ্রাম। ধৃতের নাম দীপক কুমার মহাসুকলাল মেহতা ওরফে দীপক কুমার মেহতা। তাঁর বাড়ি দিল্লিতে।
তদন্তকারীদের মতে, অভিযুক্ত দীপক কুমার মেহতা এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মুখ বন্ধ রাখেন। পরে তাঁর লাগেজ পরীক্ষা করতেই একটি প্যাকেটের ভিতর থেকে ওই বিপুল পরিমাণ হিরে উদ্ধার হয়। উদ্ধার হওয়া হিরেগুলির সঙ্গে কোনও বৈধ কাগজপত্র ছিল না বলেও জানা গিয়েছে। এরপরই তাঁকে গ্রেপ্তার করে হিরেগুলি বাজেয়াপ্ত করা হয়।
ডিআরআই-এর প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ওই হিরেগুলি নেপাল থেকে সড়কপথে শিলিগুড়ি আনা হয়েছিল। সেখান থেকেই বাগডোগরা বিমানবন্দর ব্যবহার করে বিমানে দিল্লি পাচারের ছক কষা হয়েছিল। ঘটনায় আন্তর্জাতিক পাচারচক্র জড়িত থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের।
ডিআরআই-এর আইনজীবী রতন বণিক জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাঁকে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এই পাচারচক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা, হিরেগুলি কার কাছ থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।





